৭ জুন ২০১৩ - ১৯:৩০
‘১০০ দিনের মধ্যে বশির সরকারের পতন হচ্ছে!’

সুদানের সরকার বিরোধী জোট ১০০ দিনের এক শান্তিপূর্ণ পরিকল্পনা ঘোষণা করে বলেছে, এ সময়ের মধ্যে প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের পতন হবে।

বার্তা সংস্থা আবনা : সুদানের সরকার বিরোধী জোট ১০০ দিনের এক শান্তিপূর্ণ পরিকল্পনা ঘোষণা করে বলেছে, এ সময়ের মধ্যে প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের পতন হবে।

সুদানের ২০টিরও বেশি বিরোধীদলের সমন্বয়ে গঠিত জোটের নেতা ফারুক আবু ঈসা আজ (শনিবার) রাজধানী খার্তুমে বলেছেন, “আমি আশা করছি এখন থেকে ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই সরকারের পতন হবে।”

শান্তিপূর্ণ পরিকল্পনার বর্ণনা দিতে গিয়ে ঈসা বলেন, আগামী তিন মাসের প্রথম মাসে সরকারের বিরুদ্ধে বেশ কিছু সেমিনার-সিম্পোজিয়াম এবং একটি বিশাল জনসভা করা হবে।

গত এক বছর ধরে সুদানের বিরোধী জোট সরকারের পতন ঘটানোর লক্ষ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার জন্য নিজ সমর্থকদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া, এ জোট দেশটির শ্রমিক সংগঠনগুলোকেও সরকারের বিরুদ্ধে উস্কে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এতসব প্রচেষ্টা সত্ত্বেও গত এক বছরে সুদানে বড় ধরনের কোনো সরকার বিরোধী বিক্ষোভ বা ধর্মঘট হতে দেখা যায়নি।

২০১১ সালের গোড়ার দিকে ব্যাপক গণ-জাগরণে তিউনিশিয়া, মিশর ও ইয়েমেন সরকারের পতন হওয়ার পর থেকে সুদানের সরকার বিরোধী জোট সেদেশের ইসলামপন্থী বশির সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করলেও তাতে ফল হয়নি।